

নাজমুল হাসান স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পরিবেশ ধ্বংসকারী অবৈধ মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে কিচক ইউনিয়নের চিলইল এবং আটমুল ইউনিয়নের হাজিপুর পুটখুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বালুমহাল ও ব্যবস্থাপনা আইন,২০১০-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযানকালে অবৈধ মাটি কাটার ফলে কৃষিজমি, পরিবেশ ও জনস্বার্থে মারাত্মক ক্ষতির চিত্র উঠে আসে।প্রশাসনের স্পষ্ট নির্দেশনা উপেক্ষা করে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কেটে এলাকায় বিপর্যয় সৃষ্টি করে আসছিল।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন,বালুমহাল ও ব্যবস্থাপনা আইন,২০১০ লঙ্ঘন করে অবৈধ মাটি কাটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পরিবেশ ধ্বংসকারী ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।উপজেলা প্রশাসন জানিয়েছে,অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে।










