ক্লাসমুখী করতে রাজশাহীতে শিক্ষা চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ: জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি।


মোঃ আলাউদ্দিন মন্ডল রাজশাহীঃ
শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম স্বাভাবিক রাখতে এবং শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসমুখী করার লক্ষ্যে রাজশাহী জেলার সকল ধরনের কোচিং সেন্টার নির্দিষ্ট সময়ে বন্ধ রাখার নির্দেশ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। জারি করা নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার সব কোচিং সেন্টারের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
গত ১১ অক্টোবর ২০২৬ তারিখে রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম স্বাক্ষরিত এই গণবিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় (স্মারক নম্বর: ০৫.৪৩.৮১০০.০০০.০২১.১৩.০০৪১.২৬.৩৬৯)।
উক্ত নির্দেশনার অনুলিপি যথাযথ বাস্তবায়ন ও প্রয়োজনীয় কার্যক্রমে সহায়তার জন্য পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সকল উপজেলা নির্বাহী অফিসার, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরে প্রেরণ করা হয়েছে।নগরবাসীর ভাবনা ও বাস্তবায়ন চ্যালেঞ্জ। শিক্ষা নগরী হিসেবে পরিচিত রাজশাহীতে কোচিং ব্যবসা বর্তমানে অন্যতম বড় এক বাণিজ্যিক খাতে পরিণত হয়েছে। নগরীর অলিগলিতে গড়ে ওঠা এসব প্রতিষ্ঠানকে কেন্দ্র করে প্রতি মাসে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হয়। তবে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, শিক্ষার্থীদের প্রায় প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা কোচিং সেন্টারে ছুটতে হচ্ছে। ফলে মূল শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক শ্রেণি কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
জেলা প্রশাসনের এই যুগান্তকারী সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা মনে করছেন, সিদ্ধান্তটি সঠিকভাবে বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের কোচিংমুখী প্রবণতা কমবে এবং তারা মূল শ্রেণিকক্ষে শিক্ষা গ্রহণে মনোযোগী হবে।
তবে সচেতন নগরবাসীর মতে, কেবল নির্দেশনা জারি করাই যথেষ্ট নয়। কোচিং সেন্টারগুলো এই নিয়ম মেনে চলছে কি না, তা নিশ্চিত করতে প্রশাসনকে নিয়মিত তদারকি ও মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করতে হবে। কঠোর নজরদারি না থাকলে এই নির্দেশনার সুফল শিক্ষার্থীদের কাছে পৌঁছাবে না বলেও তারা শঙ্কা প্রকাশ করেন।









