অভিযোগ

৬৬ শতক জমির ধানের চারা নষ্টের অভিযোগ উঠেছে।

নুরনবী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৭নং আমজানখোর ইউনিয়নের কাশিবাড়ী গ্রামে রুবেল নামে এক কৃষকের ৬৬ শতক জমির ধানের চারা কীটনাশক স্প্রে করে নষ্ট করার অভিযোগ উঠেছে।

অভিযোগকারী কৃষক মোঃ রুবেল মনিরুল, পিতা—মৃত লোকমান, গ্রাম—রত্নাই কাশিবাড়ী। তাঁর অভিযোগ, পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে তাঁর জমিতে কীটনাশক স্প্রে করা হয়েছে। এতে জমিতে লাগানো ধানের চারা নষ্ট হয়ে গেছে এবং তিনি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

রুবেলের দাবি, ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। প্রায় ২০০৭ সাল থেকে জমির মালিকানা নিয়ে মামলা চলার পর আদালতের রায়ে তাঁদের পরিবারকে জমিটির প্রকৃত মালিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এরপরও জমিটি নিয়ে বিরোধের সৃষ্টি হয় বলে অভিযোগ তাঁর।

তিনি জানান, ৫ আগস্টের পর পুনরায় ওই জমি নিয়ে বিরোধ দেখা দেয়। এরই মধ্যে জমিতে কীটনাশক স্প্রে করার ঘটনা ঘটে। এতে ৬৬ শতক জমির ধানের চারা ক্ষতিগ্রস্ত হয়ে নষ্ট হয়েছে বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় কৃষক রুবেল কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। অভিযোগে স্পিকার, বাচ্চু, বারেক, ও জুলফিকারসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের বাড়ি স্কুল হাট-বাবুগঞ্জ এলাকায় বলে জানা গেছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। তাদের দাবি, তারা এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। অন্য কেউ জমিতে কীটনাশক স্প্রে করে থাকতে পারে। তাই অনুমানের ভিত্তিতে কাউকে দায়ী না করে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন তারা।

এদিকে ৬৬ শতক জমির ধানের চারা নষ্টের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। কৃষকের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা বের করা হোক এবং প্রকৃতভাবে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

সংশ্লিষ্টরা বলছেন, জমিতে কীটনাশক প্রয়োগের বিষয়টি সরেজমিনে তদন্ত, ক্ষতিগ্রস্ত ধানের চারা পরীক্ষা এবং সংশ্লিষ্টদের বক্তব্যের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা সম্ভব।

ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন কৃষক রুবেলসহ স্থানীয়রা।

এই বিভাগের আরও খবর

Back to top button