

একরাম হোসেন রায়পুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী তালতলা বাজার সংলগ্ন ১নং ওয়ার্ড দেওয়ান বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে।শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে ইফতারের পরপরই এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী আব্দুল সাত্তার দেওয়ানের পরিবারের দাবি, সংঘবদ্ধ ডাকাতদল বাড়িতে হামলা চালিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। অভিযোগ অনুযায়ী, ডাকাতরা পরিবারের সদস্যদের মারধর করে ঘরে থাকা প্রায় ২৪ লাখ ৮ হাজার ৭০ টাকার বেশি নগদ অর্থ ও প্রায় ৫ ভরি ৬০০ গ্রাম স্বর্ণালংকার লুট করে। এর মধ্যে সমিতির আমানত রাখা প্রায় ১৩ লাখ ৮ হাজার ৭০ টাকা এবং ব্যক্তিগতভাবে সংরক্ষিত আরও প্রায় ১১ লাখ টাকা ছিল বলে জানানো হয়। এছাড়া ঘরের আসবাবপত্র ভাঙচুর ও আলমারির গ্লাস ভেঙে তছনছ করারও অভিযোগ উঠেছে।এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে মাহিম গাজী ও আকছার গাজী নামে দুইজনকে গ্রেফতার করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে, সংঘবদ্ধ এ ডাকাতদলের নেতৃত্বে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকতে পারেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো নিশ্চিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।










