জাতীয়

হাইমচরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা অবমুক্ত ও বর্ণাঢ্য র‍্যালি।

ডেক্স রিপোর্টঃ
চাঁদপুরের হাইমচর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত, বর্ণাঢ্য সড়ক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে উপজেলা পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।পরে মৎস্য সপ্তাহের গুরুত্ব ও মৎস্যসম্পদের উন্নয়ন বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি বর্ণাঢ্য সড়ক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালি শেষে উপজেলা হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন, জলাশয় সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে মৎস্যচাষ সম্প্রসারণের বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, উপজেলা মৎস্য দপ্তরের মৎস্য ও ট্যাগ অফিসার মাহবুবুর রশিদ, উপজেলা বিএনপির সভাপতি মো. আমিনুল্লাহ বেপারী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ গাজীসহ উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তারা। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতী দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, ওলামা দলসহ বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সাংবাদিক, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন। বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তায় মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে নদী, খাল-বিল ও জলাশয়সমৃদ্ধ হাইমচরে পরিকল্পিতভাবে মৎস্যসম্পদের উন্নয়ন করা গেলে স্থানীয় অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব আরও বাড়বে।মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষা এবং মৎস্যজীবীদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। তারা আরও বলেন, হাইমচরের নদী ও জলাশয়গুলোকে কাজে লাগিয়ে আধুনিক ও পরিবেশবান্ধব মৎস্যচাষ সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে। মৎস্যজীবীদের প্রশিক্ষণ, সহজ শর্তে সহায়তা, উন্নতমানের পোনা সরবরাহ, মাছের রোগ প্রতিরোধ এবং বাজারজাতকরণে কার্যকর উদ্যোগ নেওয়া হলে এ অঞ্চলের মানুষের আয় ও কর্মসংস্থান আরও বৃদ্ধি পেতে পারে।উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের পাশাপাশি মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করতে সমন্বিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার কথাও আলোচনায় উঠে আসে।স্থানীয় জলাশয় সংরক্ষণ, অবৈধভাবে মাছ ধরা বন্ধ, প্রজনন মৌসুমে মা মাছ ও পোনা রক্ষা এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনায় প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। জাতীয় মৎস্য সপ্তাহের এ কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির বিষয়ে সচেতনতা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকলে হাইমচরের মৎস্য খাত আরও সমৃদ্ধ হবে এবং এলাকার আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই বিভাগের আরও খবর

Back to top button