অপরাধ

কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, জরিমানা ও ড্রেজার ধ্বংস।

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অবৈধ বালু উত্তোলন ও মাটি পরিবহনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় বুধবার (১৩ মে) দিবাগত রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয় এবং একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পৌরসভা এলাকার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ২টি ড্রেজার মেশিন ও প্রায় ৫০০ ফুট পাইপ ধ্বংস করা হয়। দীর্ঘদিন ধরে একটি চক্র নদী ও খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশের ভারসাম্য নষ্ট করছিল বলে অভিযোগ রয়েছে। প্রশাসনের এ অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এছাড়াও উপজেলার পারখী, মরিচা ও বল্লা এলাকায় অবৈধভাবে মাটি পরিবহনকালে ৬টি ট্রাক আটক করে প্রশাসনের হেফাজতে নেওয়া হয়। এসব যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। স্থানীয় সচেতন মহল বলছে, অবৈধ বালু উত্তোলনের কারণে কৃষিজমি, সড়ক ও আশপাশের পরিবেশ মারাত্মক ক্ষতির মুখে পড়ছে। বর্ষা মৌসুমে নদীভাঙনের ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। তাই প্রশাসনের এমন অভিযান নিয়মিত পরিচালিত হলে পরিবেশ রক্ষা ও জনদুর্ভোগ কমবে বলে তারা আশা প্রকাশ করেন।কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম বলেন, অবৈধ বালু উত্তোলন ও মাটি পরিবহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। প্রশাসনের এ ধরনের কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা মনে করছেন, নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হলে অবৈধ বালু ব্যবসায়ীদের দৌরাত্ম্য অনেকটাই কমে আসবে।

এই বিভাগের আরও খবর

Back to top button