নওগাঁ

পোরশায় ঘাটনগর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা।

কামরুজ্জামান বাবু পোরশা প্রতিনিধি:
নওগাঁ জেলার পোরশা উপজেলার ৫ নং ঘাটনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এ বাজেট সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫ নং ঘাটনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বজলুর রহমান। বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা। এ সময় উপস্থিত ছিলেন পরিষদের হিসাব সহকারী, মহিলা ও পুরুষ সদস্যবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের সদস্য-সদস্যা, স্থানীয় সুধীজন ও সচেতন নাগরিকরা। সভায় আগামী অর্থ বছরের আয়-ব্যয়ের বিভিন্ন খাত তুলে ধরা হয়। বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, গ্রামীণ সড়ক সংস্কার, সুপেয় পানি ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে বরাদ্দের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। চেয়ারম্যান মোঃ বজলুর রহমান তার বক্তব্যে বলেন, জনগণের অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। উন্মুক্ত বাজেটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণ করা হয়, যাতে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম আরও বাস্তবমুখী ও জনবান্ধব করা যায়। বাজেট সভায় উপস্থিত স্থানীয় বাসিন্দারা ইউনিয়নের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও কার্যকর সেবা নিশ্চিত করার আহ্বান জানান। তারা মনে করেন, উন্মুক্ত বাজেটের মতো গণমুখী আয়োজন স্থানীয় সরকারের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি করে এবং উন্নয়নের পথকে আরও সুদৃঢ় করে। অনুষ্ঠান শেষে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও খবর

Back to top button