

একরাম হোসেনঃ
রাজধানীর কদমতলীর ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র সাদ্দাম মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় হঠাৎ মার্কেটের ভেতরে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই ঘন ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের পরিবেশ। ব্যবসায়ী, ক্রেতা ও স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে রওনা দেয় ফায়ার সার্ভিসের ইউনিটগুলো। প্রথম ইউনিট সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় আরও কয়েকটি ইউনিট যুক্ত করা হয়। বর্তমানে ফায়ার সার্ভিসের মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করছে।প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেটের একটি অংশ থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই দোকানিরা মূল্যবান মালামাল রক্ষায় তড়িঘড়ি করে দোকান খালি করার চেষ্টা করেন। এ সময় পুরো এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। আতঙ্কে অনেক ক্রেতা দ্রুত মার্কেট ত্যাগ করেন। স্থানীয় ব্যবসায়ী মো. রফিক বলেন,হঠাৎ করে ধোঁয়া দেখতে পাই। পরে আগুন দ্রুত ছড়িয়ে যায়। সবাই মালামাল বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ে। পরিস্থিতি খুব ভয়াবহ ছিল। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি স্থানীয় লোকজনও সহযোগিতা করছেন। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুনের প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এখন পর্যন্ত আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্ধারণ করা সম্ভব হয়নি।তবে স্বস্তির বিষয় হলো, সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এবং আগুনের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। রাজধানীর ঘনবসতিপূর্ণ বাণিজ্যিক এলাকাগুলোতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ব্যবসায়ী ও স্থানীয়রা বলছেন, পুরোনো বৈদ্যুতিক সংযোগ, অগ্নিনির্বাপণ ব্যবস্থার সীমাবদ্ধতা এবং অতিরিক্ত ঝুঁকিপূর্ণ গুদাম ব্যবস্থাপনার কারণে এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে। তারা বাজার ও মার্কেটগুলোতে নিয়মিত অগ্নিনিরাপত্তা তদারকি জোরদারের দাবি জানিয়েছেন।










