

মোঃ হোসেন গাজীঃ
চাঁদপুর হাইমচর ও বরিশাল সীমানায়, মেঘনা নদীতে দুই লঞ্চের ভয়াবহ সংঘর্ষ: নিহত ২,আহত অর্ধশতাধিক!যাত্রী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী এম.ভি জাকির সম্রাট-৩ লঞ্চটি রাত ২টার পর হাইমচর নৌ এলাকা অতিক্রম করছিল। একই সময়ে ঢাকা থেকে বিএনপির সম্মেলনের যাত্রী নিয়ে যাচ্ছিলো বরিশালগামী এম.ভি অ্যাডভেঞ্চার-৯। এসময় নদীজুড়ে প্রচণ্ড ঘন কুয়াশা থাকায় দিক নির্ণয় করতে না পেরে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি জাকির সম্রাট-৩ কে সজোরে ধাক্কা দেয়।যাত্রীরা জানান, কুয়াশার ভেতরেও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি বেপরোয়া গতিতে ছিল। সংঘর্ষের পর বড় ধরনের ক্ষয়ক্ষতি হলেও অ্যাডভেঞ্চার-৯ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। দুর্ঘটনার পর মাঝনদীতে ক্ষতিগ্রস্ত লঞ্চটি যখন ডুবো-ডুবো অবস্থায় ভাসছিল, তখন ভোলা থেকে ঢাকাগামী অপর একটি লঞ্চ এম.ভি কর্ণফুলী-৯ দ্রুত এগিয়ে আসে। তারা অনেক যাত্রীকে উদ্ধার করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। অন্যদিকে, নিহতদের মরদেহ এবং গুরুতর আহত অর্ধশতাধিক যাত্রীকে নিয়ে ক্ষতিগ্রস্ত জাকির সম্রাট-৩ লঞ্চটি দ্রুত চিকিৎসার জন্য চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।










