

শাজাহান খন্দকার (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল হাসান (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের কিশামত মালতিবাড়ী এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।নিহত নাজমুল হাসান ওই এলাকার মোস্তফা ফিজার রহমানের একমাত্র ছেলে বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের একটি ঘরে বৈদ্যুতিক লাইনের কাজ করছিলেন নাজমুল। কাজের সময় মেইন সুইচ বন্ধ না করেই একটি বাল্বের হোল্ডারে সংযোগ দিতে গেলে অসাবধানতাবশত তিনি বিদ্যুতের সংস্পর্শে আসেন। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন।তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে আনার আগেই নাজমুলের মৃত্যু হয়েছিল। খবর পেয়ে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাঈদ ইবনে সিদ্দিক জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।এদিকে একমাত্র সন্তানের অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক। প্রতিবেশী ও স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, নাজমুল শান্ত ও ভদ্র স্বভাবের একজন যুবক ছিলেন। তার এমন আকস্মিক মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।সচেতন মহল বলছে, বৈদ্যুতিক কাজের সময় সামান্য অসতর্কতাও বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই প্রশিক্ষণ ছাড়া ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক কাজ না করা এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার প্রতি গুরুত্বারোপ করেছেন তারা।










