নওগাঁ

পোরশায় উৎসবমুখর পরিবেশে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা।

কামরুজ্জামান বাবু পোরশা প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলার ২নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এ বাজেট ঘোষণা অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ইখতিয়ার হোসেন (সোহাগ)। প্রস্তাবিত বাজেটে ইউনিয়ন পরিষদের রাজস্ব ও উন্নয়ন খাত থেকে মোট আয় ধরা হয়েছে ৪ কোটি ৩২ লাখ ৬২ হাজার ৭৭৩ টাকা।অন্যদিকে বিভিন্ন উন্নয়ন, সেবামূলক ও প্রশাসনিক খাতে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪ কোটি ৩১ লাখ ৬ হাজার ৯৪৬ টাকা। এতে সম্ভাব্য উদ্বৃত্ত রাখা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৮২৭ টাকা।বাজেট ঘোষণাকালে বক্তারা বলেন, এ বাজেটের মূল লক্ষ্য হচ্ছে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি, জনসেবা বৃদ্ধি এবং সাধারণ জনগণের জীবনমান উন্নয়ন নিশ্চিত করা। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক নিরাপত্তা খাতকে গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। সভায় আরও উপস্থিত ছিলেন প্যানেল ইউপি সদস্য আনিসুর রহমান, আমিনুল ইসলাম, খলিলুর রহমান, মইনুল ইসলাম, মহিলা সদস্য তারা বেগমসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।উপস্থিত স্থানীয় বাসিন্দারা উন্মুক্ত বাজেট ঘোষণাকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। তারা আশা প্রকাশ করেন, ঘোষিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে তেঁতুলিয়া ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। উৎসবমুখর আয়োজন, গণঅংশগ্রহণ এবং উন্নয়নমুখী পরিকল্পনার মধ্য দিয়ে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের এই বাজেট ঘোষণা স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

এই বিভাগের আরও খবর

Back to top button