গণমাধ্যম

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃত্ব ঘোষণা।

ডেক্স রিপোর্টঃ
দেশব্যাপী সাংবাদিক নির্যাতন প্রতিরোধে আরও শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে “সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ” কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করেছে। নবগঠিত এই কেন্দ্রীয় নেতৃত্বে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা পোর্টালের সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি আলী আজগর ইমন। শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টায় অনুষ্ঠিত সংগঠনের এক ভার্চুয়াল সভা শেষে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। দেশের বিভিন্ন জেলা ও অঞ্চল থেকে সাংবাদিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা এতে অংশগ্রহণ করেন। সভায় সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত অধিকার রক্ষা এবং নির্যাতন প্রতিরোধে জাতীয় পর্যায়ে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাংবাদিকদের ওপর হামলা, হয়রানি, মিথ্যা মামলা, পেশাগত বাধা এবং স্বাধীন মতপ্রকাশে প্রতিবন্ধকতার বিরুদ্ধে সারাদেশে সমন্বিত আন্দোলন গড়ে তুলতেই ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এতে শুধু সাংবাদিক সমাজ নয়, বরং আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, ধর্মীয় নেতা, ব্যবসায়ী, মানবাধিকার কর্মী, নারী নেত্রী, ছাত্র প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, শ্রমিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক নির্যাতনমুক্ত বাংলাদেশ গড়তে হলে সমাজের সব স্তরের সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন।গণমাধ্যমকর্মীরা রাষ্ট্র, সমাজ ও মানুষের পক্ষে সত্য তুলে ধরেন। ফলে তাদের নিরাপত্তা নিশ্চিত করা গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।উল্লেখ্য, ২০২০ সালে করোনা মহামারির সময় দেশে সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও পেশাগত নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। শুরু থেকেই সংগঠনটি বিভিন্ন অঞ্চলে শাখা কমিটি গঠন, প্রতিবাদ কর্মসূচি, সাংবাদিক সুরক্ষা কার্যক্রম এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, নতুন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গঠনের মাধ্যমে সাংবাদিকদের অধিকার রক্ষা আন্দোলন আরও গতিশীল হবে এবং নির্যাতন-হয়রানির বিরুদ্ধে শক্তিশালী সামাজিক ও সাংগঠনিক প্রতিরোধ গড়ে উঠবে। সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনয়নের মধ্য দিয়ে সংগঠনের কেন্দ্রীয় কার্যক্রম নতুন গতি পেলেও দ্রুত অন্যান্য গুরুত্বপূর্ণ পদ পূরণের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।সত্য, ন্যায় ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় এই উদ্যোগকে সাংবাদিক সমাজের জন্য সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এই বিভাগের আরও খবর

Back to top button