

মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহী জেলা প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌর এলাকায় তেল নিতে এসে রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে আলাম (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।আজ বুধবার সকাল ১১টার দিকে কেশরহাট তেল পাম্পে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত আলাম উপজেলার বাকশৈল গ্রামের মনছের আলীর ছেলে। তিনি স্থানীয় কেশরহাট বাঁশ হাটে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলাম তার ব্যক্তিগত প্রয়োজনে তেলের জন্য কেশরহাট পাম্পে এসেছিলেন। প্রচণ্ড রোদের মধ্যে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার একপর্যায়ে তিনি হঠাৎ মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে দ্রুত মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, অতিরিক্ত গরমে হিটস্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে।আলামের এমন আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, আলাম একজন পরিশ্রমী মানুষ ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। উল্লেখ্য, সম্প্রতি একই উপজেলার হরিদাগাছি গ্রামের আব্দুল মালেক নামের আরও একজন ব্যক্তি এই পাম্পে তেল নিতে এসে সড়ক দুর্ঘটনায় (গাড়ি চাপা পড়ে) প্রাণ হারিয়েছিলেন। একের পর এক এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে স্থানীয় সচেতন মহলের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।










