

ডেক্স রিপোর্টঃ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১ নং উত্তর চর আবাবিল ইউনিয়নের হায়দারগঞ্জ বাজার এলাকায় সরকারি খাল দখল করে অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আদম বেপারী মোঃ নাছির উদ্দীন হাওলাদারের দিকে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হায়দারগঞ্জ বাজার সংলগ্ন একটি পুরোনো খালের জায়গা ভরাট করে সেখানে ভবন নির্মাণের কাজ চলছে। তাদের দাবি, খালটি একসময় প্রায় ৬৫ ফুট প্রশস্ত ছিল এবং এই খাল দিয়েই নৌকাযোগে বাজারে পণ্য আনা-নেওয়া হতো। কিন্তু দীর্ঘদিন ধরে দখল ও ভরাটের কারণে খালটির প্রস্থ কমতে কমতে এখন প্রায় ২৫ ফুটে নেমে এসেছে।স্থানীয়রা আরও অভিযোগ করেন, কিছু অসাধু কর্মকর্তা ও প্রভাবশালী মহলের সহায়তায় খালের মধ্যে পিলার ঢালাই করে স্থাপনা নির্মাণের কাজ চলছে। এতে করে খালের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তারা বলেন, এভাবে খাল দখল করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানি চলাচল বন্ধ হয়ে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এ বিষয়ে হায়দারগঞ্জ তহসিলদার জানান, তিনি গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছেন। তিনি বলেন, আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। দ্রুত ঘটনাস্থলে লোক পাঠিয়ে কাজ বন্ধ করার ব্যবস্থা নেওয়া হবে এবং খালের জমি দখলের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ভবন নির্মাণকারী মোঃ নাছির উদ্দীন হাওলাদার। তিনি দাবি করেন, এটি কোনো সরকারি খাল বা সরকারি জমি নয়।এটি আমাদের পৈতৃক সম্পত্তি। আমরা আমাদের নিজস্ব জমিতেই ভবন নির্মাণ করছি। অন্যদিকে স্থানীয়দের দাবি, খালটি সরকারি সম্পত্তি এবং এটি দখলমুক্ত না করলে এলাকার পরিবেশ ও জনজীবনে নেতিবাচক প্রভাব পড়বে। তাই তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।স্থানীয় সচেতন মহলের মতে, সরকারি খাল ও জলাশয় দখলের ফলে শুধু পরিবেশগত ভারসাম্যই নষ্ট হয় না, বরং জলাবদ্ধতা, কৃষি ও জীববৈচিত্র্যের ওপরও এর বিরূপ প্রভাব পড়ে। তাই বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।










