

একরাম হোসেন রায়পুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৫নং ইউনিয়নের ৮নং ওয়ার্ড পূর্বচরপাতা এলাকায় কাদের বাক্স পাটোয়ারী বাড়ির উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ইফতার, দোয়া ও তাফসীর মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) বাদ আসর নামাজের পর কাদের বক্সের পার্টি বাড়িতে এ আয়োজন সম্পন্ন হয়।অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ৫নং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ শহিদ উল্লাহ যায়েদ। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কাদের বাক্স পাটোয়ারীর কৃতি সন্তান আব্দুল আজিজ পাটোয়ারী। এছাড়া উপস্থিত ছিলেন মাওলানা মুজিব ইসলাম পাটোয়ারী, ডাক্তার মোঃ দেলোয়ার হোসেন, হাফেজ মোঃ নাঈম হোসেন, ৫নং ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও ৮নং ওয়ার্ডের বিএনপির সভাপতি মোঃ আমিন পাটোয়ারী এবং মোঃ মিলন পাটোয়ারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোঃ নাঈম হোসেন। পরে তাফসীর ও আলোচনা পেশ করেন মাওলানা মুজিব ইসলাম পাটোয়ারী। বক্তব্যে তিনি রমজানের তাৎপর্য, তাকওয়া অর্জন এবং সামাজিক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন। আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ নাঈম হোসেন। মোনাজাতে কবরবাসী, দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। ইফতার শেষে মুসল্লিরা জামাতে বাদ মাগরিব নামাজ আদায় করেন। পরবর্তীতে গ্রামবাসী ও এলাকাবাসীর জন্য প্রায় ১০০ জনের মেজবান খাবারের আয়োজন করা হয়। খাবার পরিবেশন ও সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন মাওলানা মুজিব ইসলাম পাটোয়ারী। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, করোনার মহামারীর আগে প্রতিবছর নিয়মিতভাবে ইফতার ও মেজবানের আয়োজন করা হলেও দীর্ঘ বিরতির পর প্রায় আট বছর পর ২০২৬ সালে পুনরায় এ আয়োজন করা হলো। করোনাকাল ও বন্যাসহ বিভিন্ন দুর্যোগের সময় অসহায় গ্রামবাসীর মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে বলেও তারা উল্লেখ করেন। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির বার্তা নিয়ে আয়োজিত এ মাহফিলে স্থানীয় মুসল্লি, যুবসমাজ ও প্রবীণ ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।










