ঠাকুরগাঁও

রাণীশংকৈলে কৃষি প্রযুক্তির মিলনমেলা শুরু, তিন দিন চলবে নানা আয়োজন।

হাসিনুজ্জামান মিন্টু রানীশংকৈল প্রতিনিধিঃ
কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা–২০২৬। সোমবার (৩ মার্চ) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলার উদ্বোধন করা হয়। দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)-এর আওতায় এ মেলার আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানান, কৃষকদের হাতে-কলমে আধুনিক প্রযুক্তির ব্যবহার শেখানো এবং উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদুর রহমান জাহিদ। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও উৎপাদন খরচ বৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর কৃষিই হতে পারে কার্যকর সমাধান। কৃষকের আয় বৃদ্ধি ও টেকসই উন্নয়নের জন্য আধুনিক কৃষি ব্যবস্থাপনা সম্প্রসারণ জরুরি বলেও তিনি মত দেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক আবু রেজা মোহাম্মদ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) আলাউদ্দিন শেখ এবং মনিটরিং ও বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমান। স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম মেলার লক্ষ্য, সম্ভাবনা ও প্রদর্শনীর বিষয়বস্তু তুলে ধরেন। উদ্বোধনী পর্বে বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক-কৃষাণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মেলায় আধুনিক কৃষিযন্ত্র, উচ্চ ফলনশীল ও উন্নত জাতের বীজ, রোগবালাই দমন প্রযুক্তি, সাশ্রয়ী সেচব্যবস্থা এবং প্রযুক্তিনির্ভর চাষাবাদের বিভিন্ন মডেল প্রদর্শন করা হচ্ছে। আয়োজকদের আশা, এ আয়োজনের মাধ্যমে কৃষকরা নতুন ধারণা ও প্রযুক্তি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, যা ভবিষ্যতে উৎপাদন ও আয়ে ইতিবাচক প্রভাব ফেলবে।

এই বিভাগের আরও খবর

Back to top button