

ডেক্স রিপোর্টঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শাজাহান মিয়ার সমর্থনে চাঁদপুরের হাইমচর উপজেলায় জনসংযোগ, মিছিল ও নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেলে আলগী বাজার এলাকায় ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে শুরু হয় এই জনসংযোগ ও মিছিল। মিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দুর্গাপুর স্কুল অ্যান্ড কলেজ গেটে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ নির্বাচনী পথসভা।পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাইমচর উপজেলা আমির মাওলানা আবুল হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি জসিম উদ্দিন বাহারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শাজাহান মিয়া।প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাজাহান মিয়া বলেন, দেশে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামের বিকল্প নেই। জনগণের ভোট ও সমর্থন পেলে আমরা একটি ইনসাফভিত্তিক সমাজ গড়ে তুলতে কাজ করব। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান।সভাপতির বক্তব্যে মাওলানা আবুল হোসেন বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে নৈতিক ও আদর্শিক রাজনীতির প্রয়োজনীয়তা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা জনগণের পাশে থেকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে।এ সময় জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জামায়াতে ইসলামীর নেতাকর্মী, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। পথসভা ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।পথসভা শেষে নেতাকর্মীরা উপজেলা জামে মসজিদে একত্রে মাগরিব নামাজ আদায় করেন। নামাজ শেষে শান্তিপূর্ণভাবে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যান।এ ধরনের ধারাবাহিক জনসংযোগ ও পথসভা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।










