সাতক্ষীরা

কালিগঞ্জে প্রধান শিক্ষক আল-আমিনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন।

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-আমিনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) বেলা ১১ টায় বিদ্যালয় চত্বর থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে যেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে কালিগঞ্জ সদর প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির দুই শতাধিক শিক্ষার্থী ও শতাধিক অভিভাবক অংশ নেন। এসময় অভিভাবকরা প্রধান শিক্ষক আল-আমিনের বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, আল-আমিন স্যার একজন সদাচারী, দায়িত্বশীল ও শিক্ষার্থীবান্ধব শিক্ষক। তার বদলিতে শিক্ষার্থীরা মানসিকভাবে আঘাত পেয়েছে। স্যারের আন্তরিকতা ও পাঠদানের দক্ষতায় বিদ্যালয়ের শিক্ষার মান উন্নত হয়েছে। বিদ্যালয়ে শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে আল-আমিন স্যারের ভূমিকা অনস্বীকার্য। এমন আদর্শ শিক্ষকের বদলি সত্যিই অযৌক্তিক। শিক্ষার্থীরা জানায়, স্যার আমাদের খুব ভালোবাসেন, আমাদের পড়ালেখায় যত্ন নেন। আমরা স্যারকে চাই। তাকে এই স্কুলে রাখতে হবে। এ সময় তারা বদলির আদেশ প্রত্যাহারের জোর দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

এই বিভাগের আরও খবর

Back to top button