অপরাধ

হাইমচরে স্বামীর হাতে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী খুন।

ডেক্স রিপোর্টঃ
চাঁদপুরের হাইমচর উপজেলায় হৃদয়বিদারক এক পৈশাচিক ঘটনায় প্রাণ হারিয়েছেন সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ কাকলি বেগম (২৫)। রবিবার (২৩ নভেম্বর) বিকেলে ৪নং নীলকমল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রাঢ়ী কান্দি এলাকার একটি ধানক্ষেতের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরই হত্যার দায়ে স্বামী জহিরুল ইসলামকে আটক করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, বিকেল সাড়ে চারটার দিকে ধানক্ষেতে কাজ করতে যাওয়া কয়েকজন নারী লাশটি দেখতে পেয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির শিকদারকে খবর দেন। পরে তার মাধ্যমে বিষয়টি জানানো হয় ঈশানবালা বাহেরচর পুলিশ ফাঁড়িতে। এসআই কবিরের নেতৃত্বে একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং অভিযুক্ত স্বামীকে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে জহিরুল স্বীকার করেন, স্ত্রীর চলাফেরা ও গর্ভের সন্তানের পিতৃত্ব নিয়ে সন্দেহের জেরে তিনি হাত-পা বেঁধে কাকলি বেগমকে হত্যা করেন। তিনি দাবি করেন, স্ত্রীর কথিত ‘অনৈতিক কর্মকাণ্ড’ তিনি মেনে নিতে পারেননি। হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহআলম বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা। অভিযুক্ত জহিরুলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চালু রয়েছে। তিনি আরও জানান, চাঁদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত কাকলি বেগমের পরিবার হত্যাকারী স্বামী জহিরুলের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। এদিকে, নৃশংস এ হত্যাকাণ্ডে নীলকমল এলাকাজুড়ে চরম উত্তেজনা ও চাঞ্চল্য বিরাজ করছে। স্থানীয়রা বলেন, এমন নির্মম ঘটনায় এলাকার মানুষ আতঙ্কিত ও ক্ষুব্ধ। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানান তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।মর্মান্তিক এই হত্যাকাণ্ড পুরো এলাকাকে শোক ও ক্ষোভে ভরিয়ে তুলেছে।

এই বিভাগের আরও খবর

Back to top button