

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে বাগদা চিংড়িতে ভেজাল পুশ করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়েছে এবং এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাসের নেতৃত্বে কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়। এসময় শেখ হোসেন আলীর ছেলে নজরুল ইসলাম (৪৫) এর বাড়িতে বাগদা চিংড়িতে কৃত্রিমভাবে বিভিন্ন পদার্থ পুশ করার অপরাধে হাতেনাতে আটক করা হয়।পরে জব্দকৃত ২৫ কেজি চিংড়ি পেট্রোল দিয়ে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয় এবং নজরুল ইসলামকে খাদ্যে ভেজাল মেশানোর দায়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে কালিগঞ্জ থানা পুলিশের এসআই সমীর গাইনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত থেকে সহযোগিতা করেন।










