

বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে টাঙ্গাইলের গোপালপুরে সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ধর্মীয় আলোচনা, বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও প্রসাদ বিতরণ করা হয়। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় গোপালপুর কেন্দ্রীয় আনন্দময়ী দেব মন্দির প্রাঙ্গণে গোপালপুর কেন্দ্রীয় কালীমন্দির কমিটির আয়োজনে ও পুজা উদযাপন ফ্রন্টের সহযোগিতায় ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের উল্লেখযোগ্য বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় কালীমন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।বর্ণাঢ্য এ শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও ভক্তবৃন্দরা অংশগ্রহণ করেন।
শোভাযাত্রায় মাননীয় সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম পিন্টু ও উপস্থিত উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দ জাতি-ধর্ম ভেদাভেদ ভুলে সকলেই অংশগ্রহণ করেন। শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলাকীর্তন ও ভজনের সুরে তাল মিলিয়ে শোভাযাত্রাটি মুখরিত হয়ে ওঠে। শোভাযাত্রা শেষে মন্দির প্রাঙ্গণে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। দুষ্টের দমন-শিষ্টের পালন এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে তাঁর আবির্ভাবকে স্মরণ করে সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বছর জন্মাষ্টমী পালন করে থাকেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম পিন্টু।এসময় আরও উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, শহর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম লেলিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা জাসাসের সভাপতি শাহানুর আহম্মেদ সোহাগ, গোপালপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক অটল শরিয়ত উল্লাহ, টাঙ্গাইল জেলা পুজা উদযাপন ফ্রন্টের সিনিয়র সহ সভাপতি প্রবীর চন্দ্র চন্দ, উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের সভাপতি অভিজিৎ দে নিন্টু, সাধারণ সম্পাদক প্রলয় কুন্ডু, সহ-সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তী, যুগ্ম সম্পাদক গণেশ চন্দ্র পাল,রামকৃষ্ণ সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গোপালপুর শাখার সাংগঠনিক সম্পাদক প্রবাস চন্দ্র দেবনাথ, দিলিপ কুমার দাসসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হিন্দু প্রতিনিধি সহ সকল ধর্মের জনসাধারণ।দিনব্যাপী এই আয়োজনে ভক্তদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।ধর্মীয় সম্প্রীতি, সকল ধর্মের সহ অবস্থানে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার দৃঢ় সংকল্পের মাধ্যমে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে সফলভাবে পালিত হয় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর এই অনুষ্ঠান।


