যুব উন্নয়নে দায়িত্বশীলতার আহ্বান: দক্ষ মানবসম্পদ গঠনে আন্তরিকতার নির্দেশনা ডিডি হুমায়ুন কবিরের।


চাঁদপুর প্রতিনিধি:
দেশের যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মসংস্থানমুখী মানবসম্পদে পরিণত করতে সরকারের গৃহীত কর্মসূচিগুলো শতভাগ বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন চাঁদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক (ডেপুটি ডিরেক্টর) মোঃ হুমায়ুন কবির। তিনি বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের মূল লক্ষ্য শুধু প্রশিক্ষণ প্রদান নয়, বরং প্রশিক্ষিত যুবকদের সফল উদ্যোক্তা ও আত্মকর্মী হিসেবে প্রতিষ্ঠিত করা। এজন্য আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারলেই দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জাতি গঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় চাঁদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সভায় উপস্থিত উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে আরও সক্রিয় ও সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন। উপ-পরিচালক মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক ফখরুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তারা নিজ নিজ এলাকার প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের অগ্রগতি, আত্মকর্মসংস্থান, ঋণ কার্যক্রম, উদ্যোক্তা উন্নয়ন এবং চলমান প্রকল্পের বাস্তবায়ন পরিস্থিতি নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন।
সভায় বক্তারা বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে অসংখ্য তরুণ-তরুণী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন এবং অনেকেই সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। এই সফলতার ধারাবাহিকতা বজায় রাখতে মাঠপর্যায়ে নিয়মিত তদারকি, প্রশিক্ষণ-পরবর্তী সহায়তা এবং ঋণ কার্যক্রমকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।ডেপুটি ডিরেক্টর মো. হুমায়ুন কবির বলেন, সফল যুব সংগঠক ও সফল আত্মকর্মীদের প্রকল্প নিয়মিত পরিদর্শন করতে হবে। একই সঙ্গে ঋণ বিতরণ, ঋণ আদায় এবং প্রকল্প ব্যবস্থাপনাকে আরও গতিশীল ও স্বচ্ছ করার মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। সভার শুরুতেই শাহরাস্তি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে সদ্য যোগদানকারী মাহবুবুর রহমান-কে জ্ঞানের প্রতীক হিসেবে বই উপহার দিয়ে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন উপস্থিত কর্মকর্তারা। এ সময় নবাগত কর্মকর্তার সফল কর্মজীবন কামনা করা হয়। সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন যুব প্রশিক্ষণ সেন্টারের ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ কফিল উদ্দিন, জেলা প্রশিক্ষিত যুব উন্নয়ন পরিষদের সভাপতি ও জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক ডা. শেখ মহসীন, চাঁদপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, মতলব উত্তর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ তারিক মাহমুদ হোসেন, মতলব দক্ষিণ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ. ক. ম. মুহসীন, ফরিদগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মেজবাহ উদ্দিন, হাজীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবি এম তাজুল ইসলাম, কচুয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফেরদৌস হোসেন, শাহরাস্তি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজহারুল ইসলাম চৌধুরী, আবু ইউসুফ, মাহফুজুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।সভা শেষে যুব উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করতে পারস্পরিক সমন্বয়, জবাবদিহিতা এবং সেবার মান বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, সরকারের যুববান্ধব নীতিমালা ও প্রশিক্ষণ কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে চাঁদপুর জেলার যুবসমাজ আরও দক্ষ, আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবে এবং দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।










