

ডেক্স রিপোর্টঃ
মানবসেবা, সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে চাঁদপুরের হাইমচর উপজেলার সাহেবগঞ্জ বাজার সংলগ্ন মোল্লাকান্দি যুবসমাজ নুরু হক মনজিলা জুনিয়র হাই স্কুল প্রাঙ্গণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন‘জ্ঞানের আলো-এর উদ্যোগে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে এলাকার শিক্ষার্থী, যুবসমাজ, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।ক্যাম্পে অংশগ্রহণকারীদের সম্পূর্ণ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং রক্তদানের গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়।আয়োজকরা জানান, অনেক মানুষ নিজের রক্তের গ্রুপ সম্পর্কে অবগত না থাকায় জরুরি মুহূর্তে নানা সমস্যার সম্মুখীন হন। অথচ দুর্ঘটনা, অস্ত্রোপচার কিংবা প্রসূতি মায়েদের জরুরি চিকিৎসার ক্ষেত্রে দ্রুত রক্তের প্রয়োজন হতে পারে। তাই আগে থেকেই রক্তের গ্রুপ জানা থাকলে প্রয়োজনের সময় দ্রুত রক্ত সংগ্রহ ও জীবন রক্ষার কাজ সহজ হয়। তারা আরও বলেন, রক্তদান একটি মহৎ মানবিক কাজ। একজন সুস্থ মানুষের স্বেচ্ছায় রক্তদান অন্য একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পারে। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং স্বেচ্ছাসেবী মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্যাম্পে অংশগ্রহণকারীরা এমন উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, গ্রামীণ জনপদে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ বিকাশে এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজন করা প্রয়োজন। এতে সাধারণ মানুষ যেমন উপকৃত হবেন, তেমনি সমাজে স্বেচ্ছায় রক্তদানের সংস্কৃতিও আরও শক্তিশালী হবে।কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করা সকল স্বেচ্ছাসেবক, শিক্ষক, শিক্ষার্থী, সমাজসেবক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে ‘জ্ঞানের আলো’ সংগঠন। স্থানীয় সচেতন মহল মনে করেন, শিক্ষার পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করা গেলে একটি সুস্থ, সচেতন ও দায়িত্বশীল সমাজ গড়ে তোলা সম্ভব। সমাজ উন্নয়নের মূল ভিত্তি হলো শিক্ষা, মানবতা ও পারস্পরিক সহযোগিতা। আর এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ সেই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।আয়োজনে:জ্ঞানের আলো সংগঠন, হাইমচর, চাঁদপুর।










