

ডেক্স রিপোর্টঃ
চাঁদপুরের হাইমচর উপজেলায় ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির আরেকটি দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।উপজেলার মধ্যচর এলাকায় ৬৪ নম্বর চর কোরালিয়া আনোয়ার গাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংলগ্ন নতুন নির্মিত একটি মসজিদের আনুষ্ঠানিক নামকরণ করা হয়েছে ‘বেপারী কান্দি জামে মসজিদ’ হিসেবে।সম্প্রতি আয়োজিত এক সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ নামকরণ সম্পন্ন হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভৈরবী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম বিপ্লব বেপারীর ছোট ভাই আলহাজ্ব মোশাররফ হোসেন সুমন বেপারী।এ সময় আরও উপস্থিত ছিলেন ৬৪ নম্বর চর কোরালিয়া আনোয়ার গাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মানিক মিয়া, চরভৈরবী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য মোঃ দাদন প্রধানীয়া, মসজিদ কমিটির নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা।অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়, এটি সমাজে নৈতিকতা, মানবিকতা ও ঐক্যের প্রতীক। বেপারী কান্দি জামে মসজিদ’ এলাকার ধর্মীয় চর্চা বৃদ্ধি, শিশু-কিশোরদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।স্থানীয়রা জানান, দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় এলাকাবাসীর মাঝে আনন্দের পরিবেশ বিরাজ করছে। তারা আশা করেন, এই মসজিদকে কেন্দ্র করে ভবিষ্যতে আরও বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কার্যক্রম পরিচালিত হবে, যা পুরো এলাকার উন্নয়ন ও সম্প্রীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।










