উদ্যোগ

চরভৈরবীতে হিলফুল ফুযুল সংঘের ঈদ সামগ্রী বিতরণ।

ডেক্স রিপোর্টঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চরভৈরবী হিলফুল ফুযুল সংঘ (H.F.S)-এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মানবিক ও সামাজিক কল্যাণমূলক এ আয়োজনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সমাজের অসহায়, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সংগঠনটির এমন উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিলফুল ফুযুল সংঘের সাবেক প্রধান উপদেষ্টা মাষ্টার সিরাজুল ইসলাম চোকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোসলেহ উদ্দিন মাসুদী। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ডাঃ আঃ মালেক মিয়াজি। তিনি বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে কোনো অসহায় পরিবার ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবে না। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতাই একটি সুন্দর সমাজ গঠনের মূল ভিত্তি। তিনি তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থেকে মানবসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিলফুল ফুযুল সংঘের উপদেষ্টা ও চরভৈরবী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আ.খ.ম মিজানুর রহমান প্রধানীয়া। তিনি বলেন, সামাজিক সংগঠনগুলো যদি মানুষের কল্যাণে কাজ করে, তাহলে সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য আরও বৃদ্ধি পাবে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এসময় আরও উপস্থিত ছিলেন হিলফুল ফুযুল সংঘের সভাপতি মোঃ জাকির হোসেন সরদার, সিনিয়র সহ-সভাপতি আঃ সোবহান, সেক্রেটারি মোঃ সানজিদ মাহমুদ, অর্থ সম্পাদক হাফেজ রিয়াদ হোসাইন, সাবেক সভাপতি তালহা যোবায়ের, কার্যনির্বাহী সদস্য মোঃ সুমন সর্দারসহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয়রা জানান, প্রতিবছর এমন মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মানবতার কল্যাণে সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে কাজ করলে একটি সুন্দর, উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব বলেও বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

এই বিভাগের আরও খবর

Back to top button