

ডেক্স রিপোর্টঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার ৪নং নীলকমল ইউনিয়নের চেয়ারম্যান বাজার এলাকায় অবস্থিত‘নূরানী তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা’র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা হিসেবে স্কুল ব্যাগ বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘জ্ঞানের আলো। শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ জোগাতে এ উদ্যোগ গ্রহণ করা হয়। সম্প্রতি মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংগঠনের সদস্য সচিব উজ্জ্বল মোল্লা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড।একটি আলোকিত সমাজ গঠনে শিক্ষার বিকল্প নেই।শিক্ষার্থীদের প্রয়োজনীয় উপকরণ প্রদান করলে তাদের আত্মবিশ্বাস বাড়ে এবং নিয়মিত পাঠদানে আগ্রহ সৃষ্টি হয়।” এ সময় সংগঠনের সঙ্গে উপস্থিত ছিলেন আশরাফুল হোসেনসহ অন্যান্য সদস্যরা। সংগঠনটির নেতৃত্বে রয়েছেন আহ্বায়ক মোহাম্মদ হৃদয় দেওয়ান, যুগ্ম আহ্বায়ক সিয়াম হোসেন এবং সদস্য সচিব উজ্জ্বল মোল্লা। মাঠপর্যায়ে কার্যক্রম সমন্বয় করছেন মার্জিয়া আক্তার। তারা জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের শিক্ষা কার্যক্রমে সহায়তা প্রদানই ‘জ্ঞানের আলো’র মূল লক্ষ্য। মাদ্রাসার শিক্ষকবৃন্দ সংগঠনের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সহায়তা শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলে এবং তাদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। স্থানীয় সচেতন মহল মনে করছেন, সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এভাবে এগিয়ে এলে শিক্ষা ক্ষেত্রে আরও ইতিবাচক পরিবর্তন আসবে এবং একটি জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ে উঠবে।










