

সমরেশ রায় পশ্চিমবঙ্গ কলকাতাঃ
কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিজঅ্যাবিলিটিজ (NILD) সেবা কেন্দ্রে একাধিক আধুনিক সুবিধাসম্পন্ন ইউনিট ও প্রকল্পের উদ্বোধন করেছেন ভারতের কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী ড. বীরেন্দ্র কুমার। মঙ্গলবার (২৬ মে) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের অধীনস্থ DEPWD-এর যুগ্ম সচিব ও NILD কার্যনির্বাহী পরিষদের চেয়ারপারসন শ্রী রাজীব শর্মা এবং NILD-এর পরিচালক ড. ললিত নারায়ণসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় কেন্দ্রীয় মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ড. বীরেন্দ্র কুমার NILD-এর সার্বিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। পরিদর্শনের সময় তিনি প্রতিষ্ঠানটির বিভিন্ন সেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দক্ষতা ও অংশগ্রহণের প্রশংসা করেন।পরে তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন আধুনিক সুবিধাসম্পন্ন প্রকল্প ও ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর মধ্যে ছিল অফিসের নতুন গাড়ি, অত্যাধুনিক ড্রাইভিং সিমুলেটর, দুটি অ্যাম্বুলেন্স, সোলার প্যানেল সিস্টেম, স্বল্প দৃষ্টি মূল্যায়ন ক্লিনিক, কম্বিনেশন থেরাপি ইউনিট, সেকেন্দ্রাবাদের NIEPID কর্তৃক নির্মিত “i-AMMA” অ্যাপ, AYJNISHD-RC ইউনিট এবং স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি ইউনিট।NILD কর্তৃপক্ষ জানায়,এসব আধুনিক সেবা ও প্রযুক্তিনির্ভর ইউনিট চালুর মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা, পুনর্বাসন ও প্রশিক্ষণ কার্যক্রম আরও গতিশীল হবে। অনুষ্ঠানের শেষে NILD-এর পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রী ড. বীরেন্দ্র কুমারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।










