

ডেক্স রিপোর্টঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চাঁদপুরের হাইমচর উপজেলায় নিরাপত্তা জোরদার ও পশু চুরি প্রতিরোধে পুলিশের বিশেষ চেকপোস্ট অভিযান চলাকালে সন্দেহজনক একটি গরুবাহী পিকআপ জব্দ করেছে হাইমচর থানা পুলিশ। এ সময় গরু বহনকারী চক্রের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি ফেলে পালিয়ে যায়। ঘটনাটি ঘটে হাইমচর উপজেলার ৬ নং চরভৈরবী ইউনিয়নের পাঠান মোড় এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, রায়পুরের হায়দারগঞ্জ এলাকা থেকে একটি পিকআপযোগে কয়েকটি গরু আনা হচ্ছিল।ঈদকে সামনে রেখে পরিচালিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে দায়িত্বরত পুলিশ সদস্যরা গাড়িটিকে থামানোর সংকেত দিলে চালক নির্দেশ অমান্য করে দ্রুত গতিতে সামনের দিকে চলে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে পুলিশ গাড়িটিকে ধাওয়া করে এবং সামনের দিকের টহল টিমকেও বিষয়টি জানানো হয়। দুই দিক থেকে পুলিশের তৎপরতা দেখে অভিযুক্তরা হঠাৎ গাড়ি থামিয়ে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পরে পুলিশ পরিত্যক্ত পিকআপটি জব্দ করে থানায় নিয়ে আসে। গাড়ির ভেতরে কয়েকটি গরুর পা বাঁধা অবস্থায় পাওয়া যায়, যা ঘটনাটিকে আরও সন্দেহজনক করে তোলে। এ বিষয়ে হাইমচর থানার এসআই সোহরাব হোসেন জানান, ঈদ উপলক্ষে পশু চুরি ও অবৈধ গরু পরিবহন ঠেকাতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সন্দেহজনকভাবে গাড়ি পালানোর চেষ্টা করায় সেটি জব্দ করা হয়েছে।বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, জব্দকৃত গরুগুলোর প্রকৃত মালিকানা যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় পশু চুরি, অবৈধ পরিবহন, পুলিশের নির্দেশ অমান্য এবং ফৌজদারি অপরাধের সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে পলাতক ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। স্থানীয়দের মতে, ঈদুল আযহা ঘিরে পশু চুরি ও অবৈধ পরিবহনের ঘটনা বেড়ে যাওয়ায় পুলিশের এমন তৎপরতা জনমনে স্বস্তি ফিরিয়েছে।










