রাজনীতি

মানবিকতার বন্ধন: মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়া হাসপাতালে মাসুদ সাঈদী।

ডেক্স রিপোর্টঃ
মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। বৃহস্পতিবার মালয়েশিয়া সফরের ফাঁকে হাসপাতালে গিয়ে তিনি মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। জানা যায়, পাঁচ দিনের একটি ব্যবসায়িক সফরে বুধবার রাতে মালয়েশিয়ায় পৌঁছান এমপি মাসুদ সাঈদী। সফরের মধ্যেই তিনি হাসপাতালে গিয়ে দীর্ঘদিনের পরিচিত ও ঘনিষ্ঠজন মির্জা আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তিনি মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাঁর সুস্থতা ও নেক হায়াত কামনায় দোয়া করেন। এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাসুদ সাঈদী বলেন, মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে এসেছিলাম। আলহামদুলিল্লাহ, তিনি আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন। গত ১৩ এপ্রিল সিঙ্গাপুর থেকে তাকে মালয়েশিয়ায় আনা হয়েছিল। তিনি আরও উল্লেখ করেন, মির্জা আব্বাস শুধু আমাদের প্রতিবেশীই নন, তিনি আমাদের ঘনিষ্ঠ আত্মীয়ও। ছোটবেলা থেকেই আমি তাকে চিনি। তিনি এমপি, মন্ত্রী বা মেয়র হওয়ার আগ থেকেই আমাদের পরিবারের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত আন্তরিক। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন। রাজনীতির ভিন্ন আদর্শ ও দলীয় অবস্থানের মধ্যেও এমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য ইতিবাচক বার্তা বহন করে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ব্যক্তিগত সম্পর্ক, মানবিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গণতান্ত্রিক রাজনীতিকে আরও সহনশীল ও স্থিতিশীল করে তোলে। দেশের বৃহত্তর স্বার্থে রাজনৈতিক নেতাদের মধ্যে এই ধরনের মানবিক যোগাযোগ ও সৌজন্যপূর্ণ আচরণ জাতীয় ঐক্য ও সামাজিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।সাধারণ মানুষের প্রত্যাশা, রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়ন, গণতন্ত্রের অগ্রগতি এবং জনগণের কল্যাণে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ একে অপরের প্রতি সহমর্মিতা ও শ্রদ্ধাশীল আচরণ বজায় রাখবেন। কারণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মানবিকতা, সৌজন্য ও দেশের স্বার্থ সবার ঊর্ধ্বে—এমন বার্তাই আবারও সামনে নিয়ে এসেছে এই সাক্ষাৎ।

এই বিভাগের আরও খবর

Back to top button