গণমাধ্যম

সাংবাদিক হয়রানি বন্ধের দাবি, তদন্ত ছাড়া গ্রেফতার নয়।

সালমা আক্তার, কুমিল্লা প্রতিনিধি:
মামলার তদন্তে সত্যতা যাচাই ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার না করার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। একইসঙ্গে তারা সাংবাদিক হয়রানি বন্ধ, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন এবং মিথ্যা মামলায় আটক সাংবাদিকদের মুক্তির দাবি জানান। রবিবার (১০ মে ২০২৬) দুপুর ১২টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে “সচেতন সাংবাদিক সমাজ”-এর আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ৪ মে ভোররাত সাড়ে ৪টার দিকে কামরাঙ্গীরচর এলাকায় নিজ বাসা থেকে সাংবাদিক আনোয়ার হোসেনকে আটক করে পুলিশ। এ সময় তার বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেফতারি পরোয়ানা রয়েছে কি না জানতে চাওয়া হলেও পুলিশ তা দেখাতে পারেনি বলে দাবি করা হয়। মানববন্ধনে সাংবাদিক আনোয়ার হোসেন অভিযোগ করেন, কোনো ধরনের আইনগত কাগজপত্র ছাড়াই তাকে জোরপূর্বক বাসা থেকে থানায় নিয়ে যাওয়া হয়। পরে পরদিন দুপুর ৩টায় তাকে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হলে আদালত তাকে বেকসুর খালাস দেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা প্রশ্ন তোলেন— “যদি কোনো অপরাধ না থাকে, তাহলে কেন একজন সাংবাদিককে এভাবে গ্রেফতার ও হয়রানি করা হলো?”বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর বলেন, “মামলার সত্যতা নিশ্চিত না করে কোনো সাংবাদিককে গ্রেফতার করা উচিত নয়। এটি স্বাধীন সাংবাদিকতার ওপর হুমকি।” তিনি সাংবাদিক আনোয়ার হোসেনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। মানববন্ধন থেকে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুকের অপসারণ দাবি করেন বক্তারা। তারা বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করতে মিথ্যা মামলা ও হয়রানির প্রবণতা দিন দিন বাড়ছে, যা গণমাধ্যমের স্বাধীনতার জন্য অশনিসংকেত। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতা জাকির হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য হুমায়ুন কবির, সাংবাদিক নেতা টিটু, ডিইউজের সাবেক নির্বাহী সদস্য জেসমিন জুঁই, সদস্য তাজুল ইসলাম, মোঃ রাসেল, তাজউদ্দীন, জাকিয়া হোসেন, স্টাফ রিপোর্টার দৈনিক ভোরের সময়, মোঃ আফসার ও মোঃ আসলামসহ অনেকে। বক্তারা অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, সাংবাদিক নিয়োগ নীতিমালা বাস্তবায়ন, প্রকৃত সাংবাদিকদের তালিকা প্রণয়ন এবং সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

Back to top button