বান্দরবান

আলীকদমের দুর্গম পাহাড়ে টিকাদান ও চিকিৎসা ক্যাম্পেইন।

মোঃ নাজমুল হুদা বান্দরবানঃ
পার্বত্য চট্টগ্রামের দুর্গম জনপদে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোন। গত ৩০ এপ্রিল থেকে ০২ মে পর্যন্ত টানা তিনদিনব্যাপী আলীকদম উপজেলার কুরুকপাতা ও পোয়ামুহুরী এলাকার ১৪টি অত্যন্ত দুর্গম পাড়ায় বিশেষ টিকাদান ও চিকিৎসা সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রশাসনের সাথে সমন্বিত এই অভিযানে লক্ষ্যমাত্রার একটি বড় অংশ সফলভাবে সম্পন্ন হয়েছে। আলীকদম উপজেলায় মোট ৮,২৭৮ জন লক্ষ্যমাত্রার বিপরীতে ইতোমধ্যে ৬,৫১৩ জনকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে। এর মধ্যে শুধু কুরুকপাতা ইউনিয়নেই ৭৮৫ জন শিশুকে হাম ও রুবেলা প্রতিরোধের টিকা প্রদান করা হয়েছে। ভৌগোলিক প্রতিকূলতা ও যাতায়াতের সীমাবদ্ধতা জয় করে সাধারণ মানুষের দোরগোড়ায় এই সেবা পৌঁছে দেয় সেনাবাহিনীর সদস্যরা।টিকাদান কর্মসূচির পাশাপাশি কুরুকপাতা মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়। এই ক্যাম্পের মাধ্যমে স্থানীয় পাহাড়ি নারী, পুরুষ ও প্রবীণদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ প্রদান করা হয়। চিকিৎসা শেষে রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর। স্থানীয় প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জনসেবামূলক এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। সেনাবাহিনী, স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের এই যৌথ প্রচেষ্টাকে দুর্গম পার্বত্য এলাকায় স্বাস্থ্যসেবা সম্প্রসারণের একটি কার্যকর ও অনুসরণযোগ্য মডেল হিসেবে দেখছেন স্থানীয়রা।

এই বিভাগের আরও খবর

Back to top button