অভিযোগ

অভিযোগ তুলে নিতে প্রাণনাশের হুমকি: সাতকানিয়ায় থানায় সাধারণ ডায়েরি।

চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নারী ও শিশু নির্যাতন মামলার অভিযোগকারী এক নারীকে মামলা ও প্রশাসনের কাছে দায়ের করা অভিযোগ প্রত্যাহারের জন্য প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে সাতকানিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন ভুক্তভোগী নাছিমা আক্তার শিফা। জানা গেছে, উপজেলার কেঁউচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বেন্নাপাড়া মাস্টার বাড়ির বাসিন্দা মোঃ অলি খাঁনের বিরুদ্ধে গত ৩১ মার্চ ২০২৬ তারিখে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এ মামলা দায়ের করেন নাছিমা আক্তার শিফা। পরবর্তীতে ৮ এপ্রিল অতিরিক্ত পুলিশ সুপার, চট্টগ্রাম বরাবরও লিখিত অভিযোগ প্রদান করেন তিনি। অভিযোগের পর থেকেই অভিযুক্ত মোঃ অলি খাঁন বিভিন্ন মোবাইল ফোন নম্বর থেকে বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য ভয়ভীতি ও হুমকি দিতে থাকেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, গত ১০ এপ্রিল কেরানীহাট-বান্দরবান সড়কের মাথায় একা পেয়ে বাদীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় এবং মামলা প্রত্যাহার না করলে প্রাণে হত্যার হুমকি দেওয়া হয়। নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে ভুক্তভোগী সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ বরাবর সাধারণ ডায়েরি দায়ের করেন এবং আইনি সহায়তা কামনা করেন।এ বিষয়ে অভিযুক্ত মোঃ অলি খাঁনের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। সাতকানিয়া থানার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ রাসেল মিয়া জানান, দায়েরকৃত সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় সচেতন মহল মনে করছে, নারী ও শিশু নির্যাতনের মতো সংবেদনশীল মামলায় বাদীকে ভয়ভীতি প্রদর্শন ও অভিযোগ প্রত্যাহারে চাপ প্রয়োগ অত্যন্ত উদ্বেগজনক।তারা দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

Back to top button