গাইবান্ধা সদরে উত্তর ফলিয়া পুলবন্দী মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ও সদস্যদের প্রতিবাদ সভা।


মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের ফলিয়া পুলবন্দী মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ রাজ্জাক মিয়াকে লাঞ্ছিত করা ও অফিস কক্ষে ঢুকে অর্থ লুটপাটের ঘটনার অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।এ ঘটনায় সভাপতি মোঃ রাজ্জাক মিয়া জনৈক আমিন খা, লাখু মিয়া, রাজু মিয়া সহ মোট ৯ জনের বিরুদ্ধে গাইবান্ধা জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা মৎস্য কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে তদন্তে গেলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় ১২ অক্টোবর রাতে পুলবন্দী বাজারে সভাপতি রাজ্জাক মিয়ার উপর পুনরায় চড়াও হয় তারা। ওই সময় তাকে পদচ্যুত করার হুমকি, মিথ্যা মামলায় জড়ানোর ভয়ভীতি প্রদর্শন ও অশ্লীল গালিগালাজ করা হয়।এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে একই রাতে পুলবন্দী মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা এক প্রতিবাদ সভা করেন। সভায় উপস্থিত সদস্যরা অভিযুক্ত বহিরাগত সন্ত্রাসী রাজু, আমিন খা, লাখু মিয়া প্রমুখের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও শাস্তির দাবি জানান।










