

একরাম হোসেন রায়পুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে অবৈধ দখল ও তীব্র যানজট নিরসনে কঠোর উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রোববার (১ মার্চ ২০২৬) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মেহেদী হাসান কাউসারের নেতৃত্বে এবং ভূমি সহকারী কর্মকর্তার সমন্বয়ে রায়পুর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে বাজারের প্রধান সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, টিনশেড ঘর, অস্থায়ী দোকান, ভ্রাম্যমাণ স্টল ও বিভিন্ন প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। দীর্ঘদিন ধরে এসব দখলের কারণে বাজার এলাকায় যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছিল। বিশেষ করে সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে সাধারণ মানুষ, স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। প্রশাসনের তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপে বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো দখলমুক্ত হয়। উচ্ছেদ অভিযানের পরপরই যান চলাচল স্বাভাবিক হয়ে আসে এবং বাজার এলাকায় শৃঙ্খলা ফিরে আসে। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন। উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে ও স্থায়ীভাবে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পুনরায় সড়ক ও ফুটপাত দখলের চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা প্রশাসনের এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন। তাদের মতে, নিয়মিত নজরদারি অব্যাহত থাকলে রায়পুর বাজারে দীর্ঘমেয়াদে শৃঙ্খলা বজায় থাকবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে।










