

ডেক্স রিপোর্টঃ
ইলিশের পোনা (জাটকা) সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে চাঁদপুর জেলার পদ্মা-মেঘনাসহ ছয়টি নদী অঞ্চলে দুই মাসের জন্য সব ধরনের মাছ ধরা, ক্রয়-বিক্রয় ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে হাইমচর উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।সোমবার (২ মার্চ ২০২৬) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং চরভৈরবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ জুবায়ের শিমুল চোকদার। এছাড়া ইউনিয়ন পরিষদের সচিব, পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। চাল বিতরণকালে চেয়ারম্যান ইউসুফ জুবায়ের শিমুল চোকদার বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। জাটকা সংরক্ষণে সরকার ঘোষিত দুই মাসের নিষেধাজ্ঞা কঠোরভাবে মেনে চলতে হবে। এ সময় কোনো জেলে মাছ ধরা, ক্রয়-বিক্রয় বা মজুদের সঙ্গে জড়িত থাকলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জেলেদের প্রতি আহ্বান জানান, সাময়িক এই কষ্ট মেনে নিয়ে ভবিষ্যতে অধিক ইলিশ উৎপাদনের স্বার্থে সবাইকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখতে হবে। উল্লেখ্য, প্রতি বছর নির্দিষ্ট সময়ে জাটকা সংরক্ষণে সরকার এ ধরনের নিষেধাজ্ঞা জারি করে থাকে। এতে নদীতে ইলিশের প্রজনন ও বৃদ্ধি নিশ্চিত হয় এবং ভবিষ্যতে জেলেরা অধিক হারে মাছ আহরণের সুযোগ পান। স্থানীয় জেলেরা জানান, সরকারের সহায়তা অব্যাহত থাকলে তারা নিষেধাজ্ঞা মেনে চলতে প্রস্তুত রয়েছেন।










