

ডেক্স রিপোর্টঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C) ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা পরিবারের উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ রমজান, শনিবার রাজধানীর মিরপুর-১০-এ অবস্থিত সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও মাতৃজগত পত্রিকা এবং মাতৃজগত অনলাইন পোর্টাল টিভি চ্যানেলের সম্পাদক মোঃ খাঁন সেলিম রহমান। স্বাগত বক্তব্যে তিনি বলেন, সাংবাদিক সমাজ কেবল সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ নয়; সামাজিক ও মানবিক দায়িত্ব পালনে তাদের আরও সক্রিয় ভূমিকা রাখা প্রয়োজন। রমজানের শিক্ষা ধারণ করে সমাজে সহমর্মিতা ও নৈতিকতার চর্চা বাড়ানোর আহ্বান জানান তিনি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাব-এর সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি দেশের স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। পাশাপাশি তিনি সরকার প্রধানের নিকট সাংবাদিকদের জন্য সরকারি ভাতা প্রবর্তনের দাবি জানান এবং পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করার আহ্বান জানান।অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান মাহি সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক সুরক্ষা কল্যাণ ফাউন্ডেশন-এর চেয়ারম্যান ও ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন। তিনি বলেন, সাংবাদিক সমাজ কলমের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের মাধ্যমেও মানুষের হৃদয়ে স্থান করে নিতে পারে; এ আয়োজন তারই উজ্জ্বল দৃষ্টান্ত।এছাড়া মিরপুর প্রেসক্লাব, মিরপুর রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন দৈনিক পত্রিকার প্রকাশক-সম্পাদক, রিপোর্টার ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। রাজনৈতিক ও সামাজিক অঙ্গসংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন। ইফতার পূর্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সংগঠন দুটির সার্বিক উন্নতি, সাংবাদিক সমাজের কল্যাণ এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া শেষে শান্তিপূর্ণ পরিবেশে অংশগ্রহণকারীরা ইফতার গ্রহণ করেন। ইফতার পরবর্তী সময়ে সাংবাদিকদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যা পারস্পরিক সম্প্রীতি ও পেশাগত ঐক্য জোরদারে ইতিবাচক ভূমিকা রাখে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সাংবাদিক সমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও পেশাগত সহযোগিতা আরও সুদৃঢ় করবে।




