

ডেক্স রিপোর্টঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার ৩ নং দক্ষিণ আলগী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মধ্য চরভাঙ্গা নিবাসী গাজী মকবুল হোসেন মাস্টারের বড় ছেলে এবং ২৯ নং চরশোলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মোঃ নজরুল ইসলাম গাজী (৪৬) হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।রবিবার বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। আকস্মিক এ মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।
মরহুম নজরুল ইসলাম গাজী দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি একজন সৎ, দায়িত্বশীল ও ধর্মপ্রাণ ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। শিক্ষা বিস্তার ও শিক্ষার্থীদের নৈতিক উন্নয়নে তার অবদান ছিল প্রশংসনীয়। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করেছেন। তার আন্তরিকতা ও নেতৃত্বে বিদ্যালয়টি শিক্ষাক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি অর্জন করে।মৃত্যুকালে তিনি তিন মেয়ে ও এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার অকাল প্রয়াণে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল ১০টায় তার নিজ বাড়ির সামনে ৩৪ নং সিপাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে জানাজায় সকলকে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন তার স্বজনরা। এলাকার গণ্যমান্য ব্যক্তি, সহকর্মী শিক্ষকবৃন্দ ও স্থানীয়রা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তার শূন্যতা শিক্ষা অঙ্গনে দীর্ঘদিন অনুভূত হবে বলে এলাকাবাসী মনে করেন।










