

মোঃ নূরনবী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার নিয়ামতপুর গ্রামে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অভাবের তাড়নায় কষ্টে দিন কাটানো একটি পরিবারের ঘরে হঠাৎ রাইস কুকার বিস্ফোরণের ফলে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং নিমিষেই পুড়ে ছাই হয়ে যায় পরিবারের প্রায় সব আসবাবপত্র, কাপড়চোপড় ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র।স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় পরিবারের সদস্যরা ঘরের ভেতরেই ছিলেন। হঠাৎ বিকট শব্দে রাইস কুকার বিস্ফোরিত হলে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে ঘরের প্রায় সবকিছু পুড়ে যায়। এতে করে পরিবারটি সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে পড়ে।অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে চরম মানবেতর জীবনযাপন করছে। ঘরবাড়ি ও সহায়-সম্পদ হারিয়ে তারা এখন খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। খাবার, পোশাক ও থাকার জায়গার সংকটে পড়ে পরিবারটির সদস্যরা দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছেন।এই ভয়াবহ ঘটনার মধ্যেও এক বিস্ময়কর ও হৃদয়ছোঁয়া দৃশ্য চোখে পড়েছে। আগুনে ঘরের প্রায় সবকিছু পুড়ে গেলেও পবিত্র আল-কুরআন শরীফ সম্পূর্ণ অক্ষত অবস্থায় পাওয়া গেছে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে গভীর আবেগ ও ধর্মীয় অনুভূতির সৃষ্টি হয়। অনেকেই এটিকে আল্লাহর কুদরতের নিদর্শন হিসেবে দেখছেন।ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মাওলানা মোঃ জুবায়ের আহমেদ জানান, সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। এখন পরিবার নিয়ে কোথায় যাব, কীভাবে চলব-কিছুই বুঝতে পারছি না। আল্লাহর রহমতে শুধু পবিত্র কুরআন শরীফটি অক্ষত রয়েছে। সবাই যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে হয়তো আবার নতুন করে বাঁচার সাহস পাব।এমতাবস্থায় পরিবারটির পক্ষ থেকে বিভিন্ন সামাজিক সংগঠন, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও প্রবাসী ভাই-বোনদের প্রতি মানবিক সহায়তার আবেদন জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারটির পুনর্বাসন ও নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণে আর্থিক সহযোগিতা অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন স্বজনরা।মানবিক সহায়তা প্রদান করতে ইচ্ছুক ব্যক্তিরা মাওলানা মোঃ জুবায়ের আহমেদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। সহায়তা পাঠানোর জন্য বিকাশ ও নগদ (পার্সোনাল) নম্বর দেওয়া হয়েছে-০১৭৩৭৪৩৩৭৩১/এলাকাবাসীর প্রত্যাশা, সহানুভূতিশীল মানুষের সম্মিলিত সহযোগিতায় এই অসহায় পরিবারটি আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসবে এবং নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে।




