সাতক্ষীরা

কালিগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা অধিদপ্তর এবং সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভারপ্রাপ্ত ইউএনও) মাইনুল ইসলাম খান। তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা আমাদের সম্পদ। তাদের অধিকার, সুযোগ ও সমাজের সকল কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করা সবার দায়িত্ব। তিনি আরও বলেন, কালিগঞ্জে এসে দেখি, অনেকেই সামান্য শারীরিক সমস্যা নিয়ে প্রতিবন্ধী সনদ নেয়ার চেষ্টা করছেন। কেউ হার্টের রোগী, কারো হাতে অতিরিক্ত আঙুল-এসব কারণে প্রতিবন্ধী সনদ নেওয়ার মানসিকতা পরিবর্তন করতে হবে। প্রকৃত প্রতিবন্ধীদের সুবিধা বঞ্চিত করা হলে তা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের জন্য ক্ষতিকর। প্রতিবন্ধী ভাতা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের মাসে ৯ শ’ টাকা ভাতা প্রদান করছেন। তবে আমি চাই প্রকৃত প্রতিবন্ধীদের ভাতা ৯০০ টাকার পরিবর্তে ৯ হাজার টাকা করা হোক। এজন্য সংশ্লিষ্ট অধিদপ্তরকে যাচাই-বাছাই করে প্রকৃত সুবিধাভোগীদের সহায়তা নিশ্চিত করতে হবে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম. আকরাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, সুশীলনের পরিচালক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টু প্রমুখ। এ সময় রিপোর্টার্স ক্লাবের অর্থ সম্পাদক মোঃ শের আলী, কার্যনির্বাহী সদস্য রেদোয়ান ফেরদৌস রনি, সমাজসেবক আব্দুর রব, সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফরহাদ রেজা, এমজেএফ’র নির্বাহী পরিচালক আজাহারুল ইসলাম, সমতা সংস্থার নির্বাহী পরিচালক রুবিনা খাতুন, প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংবাদিক সুকুমার দাশ বাচ্চুসহ এনজিও প্রতিনিধি ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকৃত প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়।

এই বিভাগের আরও খবর

Back to top button