

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধি:
আশাশুনি-কালীগঞ্জে সন্ত্রাস ও দখলবাজির স্থান হবে না বলে মন্তব্য করছেন সাতক্ষীরা-৩ আসনের বিএনপি’র ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন। ২৫ নভেম্বর (মঙ্গলবার) বিকালে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে থালনা সাইক্লোন শেল্টার মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি কৃষ্ণপদ সেনের সভাপতিত্বে এবং কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক “স্লোগান মাস্টার” মোঃ রোকনুজ্জামান(রোকন) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, “উন্নয়নের রুপকার ও বানভাসি মানুষের বন্ধু খ্যাত সাতক্ষীরা-৩ আসনের বিএনপি’র ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সদস্য শেখ হেদায়েতুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আকতারুজ্জামান (বাপ্পী), চম্পাফুল ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আবুল কালাম গাজী সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথি কাজী আলাউদ্দিন তার বক্তব্যে বলেন আশাশুনি-কালীগঞ্জে সন্ত্রাস, দখলবাজি ও চাঁদাবাজির কোনো স্থান হবে না। জনগণের অধিকার, সম্পদ ও সম্মান রক্ষায় আমি সব সময় দৃঢ় অবস্থানে ছিলাম, আগামীতেও থাকব। সনাতনী ধর্মাবলম্বীদের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও পূজা-পার্বণে নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করা আমি অতীতেও করেছি, ভবিষ্যতেও এটিই হবে আমার প্রথম দায়িত্ব।এ সময় তিনি আরও বলেন, আমি এই দূর্গত থালনায় একটি সাইক্লোন সেল্টার করে দিয়েছি, নির্বাচিত হলে আরও ২টি সাইক্লোন সেল্টার করার ব্যবস্থা করবো। তিনি দাবি করেন, তার তৎকালীন নির্বাচনী এলাকার ১৭টি ইউনিয়নের প্রতিটি মন্দিরে তিনি নিয়মিত অনুদান দিয়েছেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সর্বোচ্চ ভূমিকা রেখেছেন। পাশাপাশি ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।
উঠান বৈঠক শেষে কাজী আলাউদ্দিনের একক প্রচেষ্টায় ধর্ম মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থ চম্পাফুল ইউনিয়নের থালনা মন্দির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এসময় তিনি বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত করেন।










