সাতক্ষীরা

কালিগঞ্জে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে ইউনিয়ন পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা।

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধি:
টিডিএইচ ফাউন্ডেশনের সহযোগিতায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা এবং নেতৃত্ব বিকাশে ইউনিয়ন পর্যায়ে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টায় উত্তর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. আকরাম হোসেন এবং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মাদ আলী শাহাজী। প্রতিযোগিতার শুরুতে নারী দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মার্বেল চামচ দৌড়, হাড়িভাঙ্গা ও বালিশ পাসিং খেলা। পরে মাঠে অনুষ্ঠিত হয় ফুটবল ম্যাচ, যেখানে এক নম্বর পুরুষ দল ১–০ গোলে দুই নম্বর পুরুষ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সমগ্র প্রতিযোগিতা পরিচালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্সের মাস্টার কোর্স তাপস কুমার সরকার, সহকারী শাহাদাত হোসেন ও মাসুম হোসেন। ধারাভাষ্য দেন ব্রেকিং দ্য সাইলেন্সের এমএইচপিএসএস অফিসার বিল্লাল হোসেন। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। আয়োজনে মেয়ে শিশুদের অংশগ্রহণে একাধিক দলীয় খেলা ও শিক্ষামূলক কার্যক্রমও অনুষ্ঠিত হয়, যা অংশগ্রহণকারীদের সহযোগিতা, নেতৃত্ব, সম্মানবোধ ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয় এটি সামাজিক সম্প্রীতি, সহনশীলতা ও গঠনমূলক প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই বিভাগের আরও খবর

Back to top button