গণমাধ্যম

কসবায় তরুণ সাংবাদিক দ্বীন ইসলাম হত্যা: তীব্র নিন্দা, দ্রুত গ্রেফতারের দাবি B.C.P.C।

নিজস্ব প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় তরুণ সাংবাদিক দ্বীন ইসলামকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত দ্বীন ইসলাম কসবা উপজেলার শিমরাইল গ্রামের বাসিন্দা এবং স্থানীয় সাংবাদিকতায় সাহসী ও প্রতিবাদী কণ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে মাদক ও বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং “তালাশ ক্রাইম দৃষ্টি” নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম পরিচালনা করতেন।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যার পেছনের কারণ উদঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। এদিকে, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) এক বিবৃতিতে এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।সংগঠনটির সভাপতি খান সেলিম রহমান বলেন, এটি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের ওপর সরাসরি আঘাত। আর সাধারণ সম্পাদক লায়ন মোঃ মাহিদুল হাসান সরকার বলেন, সত্যের পক্ষে অবস্থান নেওয়ায় দ্বীন ইসলামকে হত্যা করা হয়েছে, যা গণমাধ্যমের জন্য গভীর উদ্বেগজনক। প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তার কারণে দ্বীন ইসলাম কিছুদিন কুমিল্লায় অবস্থান করছিলেন এবং ঈদ উপলক্ষে বাড়িতে এলে এই হামলার শিকার হন। সাংবাদিক নেতারা মনে করছেন, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তারা দ্রুত তদন্ত শেষ করে দোষীদের আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছেন। এ ঘটনার পর স্থানীয় ও জাতীয় পর্যায়ে সাংবাদিক সমাজে শোক ও ক্ষোভ বিরাজ করছে। সংশ্লিষ্টদের মতে, হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনা না হলে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে।

এই বিভাগের আরও খবর

Back to top button