

ডেক্স রিপোর্টঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া হাইমচর উপজেলার বিভিন্ন ইউনিয়নে পথসভা ও গণসংযোগ অব্যাহত রেখেছেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রবিবার (১৬ নভেম্বর) বিকেলে দক্ষিণ আলগী ইউনিয়নের চরভাঙ্গা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে মাওলানা আলী আকবর কাজীর বাড়িতে অনুষ্ঠিত হয় এক উঠান বৈঠক। এসময় অ্যাডভোকেট শাহজাহান মিয়া জনগণের উদ্দেশে বলেন, জামায়াত সরকার গঠন করতে পারলে নারীদের সকল অধিকার নিশ্চিতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেবো। দেশের প্রতিটি নাগরিককে সমান মর্যাদা ও নিরাপত্তা প্রদানই হবে আমাদের মূল লক্ষ্য। অন্যায়–দুর্নীতি বন্ধ করে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আরও বলেন, ভোটে সুযোগ পেলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানকে কেন্দ্র করে টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করবো। উন্নয়ন মুখে নয়—গ্রাম থেকে শহর, প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমেই প্রকৃত উন্নয়ন নিশ্চিত হবে। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলার সাবেক সেক্রেটারি মাওলানা আলী আকবর। এসময় আরও উপস্থিত ছিলেন—হাইমচর উপজেলা আমীর মাওলানা আবুল হোসাইন, উপজেলা সেক্রেটারি মোঃ জসিম উদ্দিন বাহার, দক্ষিণ আলগী ইউনিয়ন আমীর মাওলানা হাফিজুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি হাফিজ আহমদসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। পাশাপাশি মহিলা নেতৃবৃন্দও উপস্থিত থেকে দাড়িপাল্লা প্রতীকের প্রতি সমর্থন জানান।এলাকাজুড়ে গণসংযোগ ও উঠান বৈঠককে কেন্দ্র করে নির্বাচনী উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং উপস্থিত জনগণ দাড়িপাল্লা প্রতীকের পক্ষে ব্যাপক উৎসাহ–সমর্থন ব্যক্ত করেন।










