

মোঃ আশরাফুল ইসলাম সায়েদ বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলা থেকে রুহুল আমিন নামে জাতীয়তাবাদী কৃষক দলের এক নেতাকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে খুইল্যা মিয়া পাড়ায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার রুহুল আমিন আলীকদম উপজেলা কৃষক দলের আংশিক আহ্বায়ক কমিটির তালিকাভুক্ত সদস্য এবং আলিকদম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড খুইল্যা মিয়া চেয়ারম্যান পাড়ার বাসিন্দা সোনা মিয়া মাঝির ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম থানার একটি বিশেষ দল ওই রাতেই অভিযান চালায়। অভিযানে রুহুল আমিনের বসতঘরে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১ হাজার ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে তার বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা পাওয়ায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং অভিযান চলমান রয়েছে বলে জানান।










