সাতক্ষীরা

কালিগঞ্জে বাল্যবিবাহ বন্ধ মোবাইল কোর্টে ৬০ হাজার টাকা জরিমানা।

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপে একটি বাল্যবিবাহ বন্ধ হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে বাল্যবিবাহটি বন্ধ করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খাঁন।নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, উজিরপুর গ্রামের মনিরুল ইসলাম সরদারের কন্যা হুমাইরা আঞ্জু মনিরা (১৩) এর সঙ্গে যশোর জেলার কেশবপুর উপজেলার ব্রজকাটি গ্রামের রফিকুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল রাফি (১৯) এর বিয়ে সম্পাদনের প্রস্তুতি চলছিল। বিষয়টি গোপন সূত্রে জানতে পেরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম খাঁন তাৎক্ষণিকভাবে পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিবাহটি বন্ধ করেন। আদালত বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ৯ ধারার আওতায় কন্যা পক্ষে ২০ হাজার টাকা এবং বরপক্ষ ৪০ হাজার টাকা উভয়পক্ষ মোট ৬০ হাজার টাকা জরিমানা প্রদান করেন এবং মেয়ের প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত বিবাহ না করার নির্দেশ দেন। এ সময় উভয়পক্ষের অভিভাবক মুচলেকা স্বাক্ষর করে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না করার প্রতিশ্রুতি দেন।অভিযান পরিচালনাকালে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা প্রশাসনের এই উদ্যোগের প্রশংসা করে বলেন—মাইনুল ইসলাম খাঁনের মতো সাহসী ও মানবিক কর্মকর্তারাই সমাজে পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করেন। তাঁর তৎপরতায় অনেক পরিবার এখন সচেতন হচ্ছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাইনুল ইসলাম খাঁন বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি। আইনের প্রয়োগের পাশাপাশি আমরা সবাইকে সচেতন করতে চাই। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের এই দৃঢ় ও সময়োপযোগী পদক্ষেপে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও প্রশংসা ছড়িয়ে পড়েছে। অনেকে বলছেন— এটি শুধু একটি বাল্যবিবাহ রোধ নয়, বরং মানবিক ও নৈতিক সমাজ গঠনের এক উজ্জ্বল উদাহরণ।

এই বিভাগের আরও খবর

Back to top button