

একরাম হোসেনঃ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৭ নং বামনী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) রাতে তাম্বুর স্কুলসংলগ্ন পাটওয়ারী বাড়ির পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।স্থানীয়রা জানান, রাতে ওই এলাকায় একটি যুবকের লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।স্থানীয়দের ধারণা, নিহত ব্যক্তি ভবঘুরে বা ছিন্নমূল শ্রেণির মানুষ হতে পারেন। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।প্রাথমিকভাবে স্থানীয়দের মধ্যে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এটি এখনো নিশ্চিত নয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত যুবকের পরিচয় শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।










