

মোঃ আরিফুর রহমান মামুন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের খলিশাখালী এলাকায় সড়ক দুর্ঘটনায় জাহিদ হাওলাদার (২৩) নামের এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ মাদারীপুরের শিবচর পৌরসভার বাসিন্দা শাহিন হাওলাদারের একমাত্র ছেলে এবং সরকারি বরহামগঞ্জ কলেজের শিক্ষার্থী ছিলেন। স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিন আগে আট বন্ধু মিলে চারটি মোটরসাইকেলে করে কুয়াকাটা বেড়াতে গিয়েছিলেন। আনন্দঘন ভ্রমণ শেষে শুক্রবার সকালে তারা মাদারীপুরের শিবচরের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে বৃষ্টির কবলে পড়ে পটুয়াখালীর খলিশাখালী এলাকায় একটি গাছের নিচে কিছুক্ষণের জন্য আশ্রয় নেন বন্ধুরা। বৃষ্টি থামার পর পুনরায় যাত্রা শুরু করলে জাহিদের চালিত মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা গ্রীন লাইন পরিবহনের একটি বাসের নিচে চলে যায়। এ সময় জাহিদ মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। সঙ্গে থাকা বন্ধুরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়। নিহতের খালাতো ভাই সায়েম শোকে বিহ্বল হয়ে বলেন, “কয়েক মুহূর্ত আগেও সবাই একসঙ্গে ছিলাম। হঠাৎ মোটরসাইকেলটি বাসের নিচে চলে যায়। চোখের সামনেই জাহিদকে হারাতে হলো। একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় বাবা শাহিন হাওলাদার বিলাপ করতে করতে বলেন, আমার ছেলে বন্ধুদের সঙ্গে কুয়াকাটা বেড়াতে গিয়েছিল। ফেরার পথেই সড়ক দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান।










