শাজাহানপুরে মাদক-সংক্রান্ত বিরোধে অপহরণের চেষ্টা; শ্যালককে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে নিহত দুলাভাই।


এম.এ আরিফ চৌধুরীঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলায় মাদক-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক ব্যক্তিকে অপহরণের চেষ্টার ঘটনায় তাকে রক্ষা করতে গিয়ে মোঃ রঞ্জু মিয়া (৫০) নামে এক ব্যক্তি ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে মোঝ জুবায়ের (২৫) এবং তার শ্যালক খোরশেদ আলম (৪০) আহত হয়েছেন। আহত দুজন বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ঘাষিড়া গ্রামের জরজিসের ইটভাটা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রঞ্জু মিয়া একই এলাকার ফজলাল মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ইটভাটা এলাকায় মাদক-সংক্রান্ত একটি বিষয় নিয়ে খোরশেদ আলমের সঙ্গে কয়েকজনের বাগ্বিতণ্ডা হয়।একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালিয়ে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।বিষয়টি টের পেয়ে খোরশেদকে রক্ষা করতে তার দুলাভাই রঞ্জু মিয়া এবং ভাগনে মোঃ জুবায়ের এগিয়ে গেলে হামলাকারীরা ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় রঞ্জু মিয়া গুরুতর আহত হন।স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আহত খোরশেদ আলম ও মোঃ জুবায়েরকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাদের প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ, ঘটনার তদন্ত এবং জড়িতদের শনাক্তে কাজ শুরু করে। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে, যাতে এ ধরনের সহিংস ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যায়।










