চাঁদপুর

সংস্কৃতি রক্ষায় মহিলা ঐক্য পরিষদকে ভূমিকা রাখতে হবে, এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক।

ধ্রুব মন্ডল-দিপ:
চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান মহিলা ঐক্য পরিষদের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হয়েছেন চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য, মাটি ও গণমানুষের নেতা শেখ ফরিদ আহমেদ মানিক। ৪ জুলাই শনিবার সকালে এমপির নিজস্ব বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অসাম্প্রদায়িক চেতনা রক্ষা, এলাকার উন্নয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। মতবিনিময়কালে এমপি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “আমাদের হাজার বছরের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় মহিলা ঐক্য পরিষদকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আপনাদের যেকোনো প্রয়োজনে ও সংকটে আমি সবসময় পাশে আছি। তিনি বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের অঞ্চলে অনেক মেধাবী হিন্দু শিক্ষার্থী রয়েছে, যারা অর্থসংকটের কারণে পড়াশোনা চালিয়ে যেতে হিমশিম খাচ্ছে।আপনাদের সংগঠনের মাধ্যমে এমন দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করে ফরম পূরণ করে আমাকে জানান। সরকার এবং আমি ব্যক্তিগতভাবে তাদের পাশে দাঁড়াবো। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সহযোগিতার জন্য উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এমপি তাঁর বক্তব্যে এলাকার উন্নয়ন চিত্র তুলে ধরেন। তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর পরই দ্রুত গতিতে উন্নয়ন কাজ শুরু হয়েছে। দোকান ঘর থেকে হাইমচর পর্যন্ত রাস্তার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। পাশাপাশি ফরিদগঞ্জের বাইপাস সড়কের কাজও চলমান রয়েছে, যার সুফল আগামী ৩-৪ মাসের মধ্যে সাধারণ মানুষ ভোগ করতে পারবে। স্থানীয়দের সুবিধার্থে কদমতলায় একটি আধুনিক অডিটোরিয়াম নির্মাণ করা হয়েছে। তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে মায়েদের ভূমিকা স্মরণ করিয়ে দিয়ে এমপি মানিক বলেন, “প্রশাসন আইনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে কাজ করছে। কিন্তু আপনারা যারা অভিভাবক, নিজেদের ব্যস্ততার মাঝেও আপনাদের সন্তানরা কোথায় যাচ্ছে, কী করছে—সেদিকে কঠোর খেয়াল রাখতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে পারিবারিক সচেতনতার বিকল্প নেই।” তিনি যেকোনো প্রয়োজনে তাঁর দরজা সবার জন্য সবসময় খোলা রয়েছে বলে আশ্বাস দেন।অনুষ্ঠানের শুরুতে জেলা মহিলা ঐক্য পরিষদের নবগঠিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর সংগঠনের নেতৃবৃন্দ নারীদের নানাবিধ সমস্যা, অধিকার এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য এমপির কাছে বিস্তারিতভাবে তুলে ধরেন।চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান মহিলা ঐক্য পরিষদের আহ্বায়ক শিপ্রা মজুমদারের সভাপতিত্বে এবং জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত জয়ের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা মহিলা ঐক্য পরিষদের সদস্য সচিব সাবিত্রী রানী ঘোষ। যুগ্ম আহ্বায়ক পাপড়ি বর্মন, কবিতা সাহা ও রাখি মজুমদারসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক বিনয় ভূষণ মজুমদার, সদস্য সচিব অজিত সাহা, সদস্য নির্মল পাল, জেলা ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক স্বাধীন দত্ত এবং যুগ্ম আহ্বায়ক উপমাসহ ঐক্য পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও খবর

Back to top button