আইনশৃঙ্খলা

ঈদে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে মাঠে সক্রিয় আনসার ভিডিপি।

মোঃ নুরনবী ঠাকুরগাঁও প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু জবাই, বর্জ্য অপসারণ, পরিবেশ সুরক্ষা এবং কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। দেশের অন্যান্য অঞ্চলের মতো ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলাতেও মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন আনসার ভিডিপি সদস্যরা। বালিয়াডাঙ্গী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম জানান, কোরবানির পশুর চামড়া দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। সামান্য অসচেতনতা কিংবা অবহেলার কারণে প্রতিবছর বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়ে যায়, যা জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে। তাই সাধারণ মানুষকে চামড়া সংরক্ষণের সঠিক নিয়ম সম্পর্কে সচেতন করা হচ্ছে। তিনি আরও বলেন, কোরবানির পশুর চামড়া সংগ্রহের পর দ্রুত লবণ ব্যবহার করে সংরক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং কোনো ধরনের দালালি, অবৈধ মজুদ কিংবা অনিয়মের সঙ্গে জড়িত না হওয়ার বিষয়ে সদস্যদের কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। চামড়া সংরক্ষণ কার্যক্রম সফল করতে উপজেলার ৩৬ জন ভাতাভোগী সদস্য এবং প্রায় ২০০ জন স্বেচ্ছাসেবী আনসার ভিডিপি সদস্য উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছেন। পাশাপাশি জনগণের মাঝে সচেতনতামূলক প্রচারণাও চালানো হচ্ছে। সচেতন মহল মনে করছেন, কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণ করা গেলে দেশের চামড়া শিল্প আরও সমৃদ্ধ হবে এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও চামড়ার অপচয় রোধে আনসার ভিডিপির এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।আনসার ভিডিপির এ মানবিক ও সচেতনতামূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বালিয়াডাঙ্গী উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ।

Back to top button